
সিরাজগঞ্জে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা রাখার দায়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, মো: জাহাঙ্গীর হোসেন নামে এক আসামিকে ৫০ লিটার চোলাই মদ রাখার মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ রায়ের তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লার শাহাদত হোসেনের ছেলে এবং মো: জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামের মো: শাহজাহান আলীর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একটি দল সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লার দুই নম্বর গলিতে অভিযান চালায়। এ সময় তাহের জামিল অপেলের পরিত্যক্ত বাড়ির দক্ষিণ পাশের বাগানে মাদকদ্রব্য বিক্রির সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। সেই সময় তার কাছ থেকে ৬৫ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ওজন মাপার একটি ডিজিটাল যন্ত্র জব্দ করা হয়।
পরে, জেলা গোয়েন্দা শাখার এসআই ইয়াসিন আরাফাত সিরাজগঞ্জ সদর থানায় আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এ মামলায় আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








