প্রতিপক্ষের হামলায় নিহত আবির হোসেন
প্রতিপক্ষের হামলায় নিহত আবির হোসেন। নয়া দিগন্ত

নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবির হোসেন (২০) নামে এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা এনামুল হক (৪৫) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, একইদিন দুপুর ২টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন মাত্র এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে এনামুল হকের সাথে তার চাচাতো ভাই বকুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বকুল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এনামুল হকের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় এনামুল হক ও তার ছেলে আবির হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত বাবা-ছেলেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ৮টার দিকে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবির হোসেনের মৃত্যু হয়। তার বাবা এনামুল হকও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।