নোবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন
নোবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন। নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মচারী ঐক্য ফোরামের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ ও র‌্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী। 

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের কোনো বিকল্প নেই। ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধ যেহেতু সবচেয়ে বেশি কার্যকর, তাই আমাদের ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।’

বুধবার (১৪ অক্টোবর) নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, নোবিপ্রবিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো। 

বক্তব্যে কর্মসূচির আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ সময় অন্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন, কর্মকর্তা ঐক্য ফোরামের আহ্বায়ক ও উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাখায়েত উল্ল্যাহ, কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক মো: মিজানুর রহমান, সদস্য সচিব আনোয়ার হোসেন সুমনসহ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।