
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো: মনিরুজ্জামান (৪৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলাকার নৌকাঘাটে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান বরিশাল জেলার বড় নদী থানার বিজয়পুর গ্রামে মরহুম আব্দুল মুতালিবের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।
জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ৩০ জনের একটি দল তাহিরপুর বাজার ঘাট থেকে সীমান্ত তরী নামে একটি হাউজ বোড নিয়ে টাঙ্গুয়ার হাওরে যায়। টাঙ্গুয়ার হাওর ঘুরে ট্যাকেরঘাট এলাকায় গিয়ে রাত্রিযাপন করেন তারা। সকালে মনিরুজ্জামান অসুস্থ হলে সাথে থাকা বন্ধুরা দ্রুত তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাথে থাকা জামাল শিকদার ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান হার্টের অসুখে ভুগছিলেন। তাকে বেড়াতে না আসার জন্য পরিবারের লোকজন বললেও তিনি তার বন্ধুদের সাথে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে চলে আসেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা: নওশাদ আহমেদ জানান, হাসপাতালে আসার আগেই ওই পর্যটক মারা যান। যেহেতু আগে থেকেই হার্টের অসুখে ভুগছিলেন সে কারণে ধারণা করছি, তিনি হৃদরোগ আক্রান্ত হয়েই মারা গেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে কোনো অভিযোগ না থাকায় তার সাথে আসা বন্ধু ও পরিবারের অনুরোধে লাশ সাথে আসা বন্ধুদের কাছে হস্তান্তর করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








