
সালথায় তিন মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় দু’টি দোকান ভাঙচুর এবং একটি খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের সীমান্তবর্তী বিভাগদী ব্রিজ এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে রামকান্তপুর এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে উভয় ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় এক থেকে দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবলুর রহমান খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








