
কুড়িগ্রাম সদরে এক মাদকাসক্ত ছেলে মুত্তাকীন আলম শোভনের ছুরিকাঘাতে মা পারুল বেগম নিহত হয়েছেন। এ সময় তার বাবা সরদার আলীও গুরুতর আহত হন। তাকে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে জেলা সদরের বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুর পৌনে ১২টার দিকে ঘাতক শোভনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ জানায়, শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি রিহ্যাব সেন্টারে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর রাখার পর তাকে বাড়িতে নিয়ে আসে তার পরিবারের লোকজন। কিন্তু বাড়িতে ফিরে আবারো মাদকাসক্ত হয়ে পড়লে বগুড়ার রিহ্যাব সেন্টারের লোকজন তাকে নিতে আসে। বিষয়টি টের পেয়ে ঘরের ভিতর ছুরি দিয়ে মা পারুল বেগমকে আঘাত করতে থাকলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার বাবা সরদার আলী এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতক ছেলে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় সরদার আলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর ঘাতক ছেলেকে আটক করা হয়। তার মায়ের লাশ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








