সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা। নয়া দিগন্ত

খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় মিলন কুমার ভদ্র (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এনসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যবসায়ী মিলন কুমার ভদ্র উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা এলাকার বাসিন্দা উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মিলন সকালে মোটরসাইকেলে করে খুলনা যাচ্ছিলেন। গুটুদিয়া এলাকায় মহাসড়কের একপাশে সংস্কার কাজ চলমান থাকায় তিনি অপর পাশ দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইমাদ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। মহাসড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।

খর্ণিয়া হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) মুন্সী পারভেজ হাসান বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’