
সিলেটের জকিগঞ্জে আগুনে দুটি পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার নওয়াগ্রামের পীরকোণায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াগ্রামের রুশনা বেগম ও তার প্রতিবেশী আব্দুল কাদিরের বাড়িতে আগুন লাগে। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় বসতঘর দুটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।
আগুনের সূত্রপাত নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কেউ কেউ রুশনা বেগমের স্বামী ডালু মিয়ার সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন। আবার আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে মনে করছেন। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা বদরুল মুহুরী জানান, আগুন লাগার পরপরই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।
জকিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার কামাল পাশা জানান, অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় দুটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








