
সনদের জন্য নয় দেশকে গঠনে শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে বলে অভিমত প্রকাশ করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বাঁশখালী সরকারি আলাওল কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এই অভিমত জানান।
এমপি জহিরুল ইসলাম বলেন, ‘আমি নিজেও শিক্ষক, আমার বাবাও একজন শিক্ষক। তাই কোনো আয়োজন ছাড়াই অনাড়ম্বরভাবে আমি কলেজে এসেছি। কেননা গেইট, ব্যানার করে, ফুলের তোড়া নিয়ে কলেজে আসার মতো মানুষ আমি নই। আমি বাস্তবিক অর্থেই শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাই। তাই শুধুমাত্র সনদের জন্য নয়, নিজকে এবং দেশকে গঠনের জন্য লেখাপড়া করতে হবে শিক্ষার্থীদের। এমনভাবে পড়তে হবে যাতে অভিভাবক এবং শিক্ষার্থীরা গর্ব করতে পারে। ইকোপার্ক এবং বীচে যাওয়ার সুযোগ তোমাদের রয়েছে। কিন্তু এমন কোনো ছেলেমেয়ের সাথে মিশবে না, যাতে তোমাদের অভিভাবক এবং শিক্ষকের চেহারা কলঙ্কিত হয়।’
তিনি বলেন, ‘তোমাদেরকে রাত জাগার অভ্যাস থাকলে তা ছাড়তে হবে, স্মার্টফোনের বাজে সাইট থেকে দূরে থাকতে হবে। রাতে দ্রুত ঘুমিয়ে গিয়ে ভোরের পাখিদের আগেই জেগে ওঠে পড়তে হবে। তাহলে তোমাদের সফলতা নিশ্চিত ধরা দিবে। ভালো জামা কাপড় এবং ঘুরে বেড়ানোর বেশি ইচ্ছা পোষণ করবে না, কারণ তোমাদের মা-বাবা অনেক কষ্ট করে তোমাদের সফল মানুষ করার চেষ্টা করছে। লেখাপড়া করে একটা ভালো চেয়ারে অধিষ্ঠিত হতে পারলে কোনো কিছুরই অভাব থাকবে না।’
তিনি আরো বলেন, ‘আমি ইউপি চেয়ারম্যান ও অধ্যক্ষ থাকাকালেও আলাওল কলেজের উন্নয়নে ভূমিকা রেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও সুযোগ থাকায় কাজ করেছি। এখন তো মহান আল্লাহর রহমতে অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, বাঁশখালী সরকারি আলাওল কলেজের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ ভূমিকা রাখব।’
এ সময় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শেখ ফরিদ উদ্দীন চৌধুরী রাজুসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








