লাশ
লাশ উদ্ধার। নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দি গ্রামের বিল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, ঘটনার দিন সকালে গ্রামের জনৈক এক ব্যক্তি বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে লাশটি বিলে ফেলে দেয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। লাশটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও তদন্ত চলছে।