
লোন দেয়ার নামে অর্থ নেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন অফিস সহকারী সাইফুল ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
অফিস সহকারী সাইফুল হামলা চালিয়ে ওই কর্মকর্তার মাথা ফাটিয়ে দেন। পরে ওই কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন এবং থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অফিস সহকারী সাইফুল উপজেলা সদর ইউনিয়নের চিকসা গ্রামের বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নিয়মিত অফিসে আসতেন না এবং দাফতরিক কাজে প্রভাব বিস্তার করতেন। সম্প্রতি তিনি তার গ্রামের পাশের গ্রামের কয়েকজন নারীকে ঋণ পাইয়ে দেয়ার কথা বলে জনপ্রতি এক হাজার টাকা করে ঘুষ গ্রহণ করেন। কর্মকর্তা সরেজমিনে ওই গ্রামে তদন্ত করতে গিয়ে ঘুষ নেয়ার সত্যতা পান। আজ সকালে অফিসে এসে এ বিষয়ে জানতে চাইলে সাইফুল উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে কর্মকর্তার মাথা ফাটিয়ে দেন।
এর সত্যতা নিশ্চিত করে মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ‘আমি এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি।’
অভিযুক্ত অফিস সহকারী সাইফুল হামলা ও ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গতকাল সোমবার ‘কন্যা শিশু দিবস’ উপলক্ষে বীরনগর গ্রামের নারীদের দেয়া ২২ হাজার টাকার চেক হস্তান্তরের পর কর্মকর্তা নিজেই ভাগ চাইতে আজ সকালে সেখানে যান। সেখানে স্থানীয়দের কাছে স্যার আমার নামে দুর্নাম করেছেন শুনে অফিসে এসে জানতে চাইলে তিনি অশালীন আচরণ করেন এবং মারতে আসেন। এ সময় চেয়ারের সাথে পা আটকে পড়ে গিয়ে স্যার মাথায় আঘাত পান।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনী দেবী জানান, মহিলা বিষয়ক কর্মকর্তা সকালে এসে বিষয়টি আমাকে অবহিত করেছেন। কপালে রক্ত দেখিছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








