
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৬ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন।
রোববার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে এক, লাখাই, মাধবপুর ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন করে, সুনামগঞ্জ সদর হাসপাতালে এক ও মৌলভীবাজার সদর হাসপাতালে তিনজন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৫১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, লাখাইয়ে পাঁচ, মাধবপুরে সাত, হবিগঞ্জ সদর হাসপাতালে নয়, সুনামগঞ্জ সদর হাসপাতালে এক ও মৌলভীবাজার সদর হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৫৪৬ জনের মধ্যে হবিগঞ্জে ২২৭, সুনামগঞ্জে ১২৪, সিলেটে ১১৩ ও মৌলভীবাজারে ৬১ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। চলতি বছর বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








