
খুলনায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলা একা চলাচল না করতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেয়া হয়।
পত্রে বলা হয়, উপুর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা পরিলক্ষিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করাসহ রাত্রিকালে একাকি চলাচল না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে ইউনিট ইনচার্জরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে একজন পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তিনি ওই সময় বিশেষ অভিযান শেষে রূপসা থানায় ফিরছিলেন। তার গায়ে ওই সময় ইউনিফর্ম ছিল না। এ ঘটনার পর রাতের বেলা জেলা পুলিশের সদস্যদের একা চলাচল না করতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী রোডের খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। গুরুতর আহত পুলিশ পরিদর্শককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








