
সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির গৌরব ও অহংকারের ইতিহাস। তবে এ অর্জনের পেছনে রয়েছে স্বজন হারানোর বেদনা ও অসংখ্য মানুষের আত্মত্যাগে ইতিহাস। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন।’
শনিবার (১০ অক্টোবর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট শহীদ স্মৃতিমিনার চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, পেয়েছি নিজস্ব পতাকা। বাংলা ভাষায় কথা বলার পাশাপাশি বাংলাদেশী হিসেবে নিজস্ব জাতীয় পরিচয়ে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। বাঙালি আমাদের ভাষাগত পরিচয়, আর বাংলাদেশী আমাদের জাতীয় পরিচয়।’
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যেসব মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের কথা জাতিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে।’ তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।
আলোচনা সভার আগে চড়ারহাট শহীদ স্মৃতিমিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবাবগঞ্জের ইউএনও বিধান কান্তি হালদার, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবিরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








