ঢাকা জেলা পরিষদের প্রশাসক
ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। নয়া দিগন্ত

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা ও প্রতিটি জেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আদলে ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

Advertisement

তিনি বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; বরং এটিকে পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করতে হবে। এর মাধ্যমে তরুণেরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার ধামরাইয়ের দেপাশাই নয়াপাড়া মাদকবিরোধী প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি পড়াশোনাকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ সামনে রেখে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে মাঠগুলো খেলাধুলার উপযোগী করে তোলার পরিকল্পনাও রয়েছে।

দেপাশাই নয়াপাড়া খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ ফাইনালে মুখোমুখি হয় রিফাত লায়ন্স ও জাকারিয়া একাদশ।

অনুষ্ঠানে ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিলের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ছিলেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন সাদি, দেপাশাই নয়াপাড়া একতা সংঘের সাধারণ সম্পাদক মো: সেলিম ও ক্রীড়া সম্পাদক মো: আব্দুস সামাদ।