
চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে ২.২ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন এটিকে দেশের প্রথম সাইকেল চলাচলের আলাদা ট্র্যাক হিসেবে বর্ণনা করেছে।
যানজট কমানো ও পরিবেশবান্ধব যাতায়াত উৎসাহিত করার লক্ষ্যে এ প্রকল্প নেয়া হয়েছে। বন্দরনগরীর বিভিন্ন স্থানে এ ধরনের আরো সুবিধা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
শুক্রবার (৯ অক্টোবর) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ট্র্যাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের ‘চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। চার লেনের সড়কটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত বিস্তৃত।
সড়কের দুই পাশেই রয়েছে ফুটপাথ। মাঝখানে কার্বস্টোন দিয়ে বিভাজক তৈরি করা হয়েছে। এতে সড়কের দুই পাশের যান চলাচলের পথ আলাদা হয়েছে।
সড়কের এক পাশে গাছপালা দিয়ে সাজানো হাঁটার পথের পাশেই সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে।
মেয়র বলেন, সাইকেল চলাচলের জন্য আলাদা লেন চালু হওয়ায় আরোহীদের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ বাড়বে এবং নগরবাসী আরো স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত হবে।
নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাও এ উদ্যোগের লক্ষ্য। সিটি করপোরেশন আশা করছে, এর ফলে নগরীর সৌন্দর্যও বাড়বে।
উদ্বোধনের পর অর্থমন্ত্রী, মেয়র, স্থানীয় সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি ও সাইকেল আরোহীরা নতুন ট্র্যাকটিতে সাইকেল চালান। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








