
ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চর শ্রীরামপুর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৬ নম্বর বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মুক্তাদির শাহিন। এ সময় ছাত্রলীগের আরো কয়েকজন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়।
মিছিলে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— অনন্ত হাসান হৃদয়, মো: আসাদুল হক, রেজাউল হাব বাবু, মুস্তাকিম, সিরাজুল হক, সিফাত খান পাঠান, রিফাত খান বাবু, আনোয়ার, রবি ও পিয়াস খান পাঠানসহ আরো অনেকে। মিছিল শেষে বক্তব্য দেন আল-মুক্তাদির শাহিন।
এদিকে মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের কর্মসূচির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ কী হয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মিছিলের ভিডিও ক্লিপ হাতে পেয়েছি। মামলা ও জড়িতদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








