তিন উন্নয়ন প্রকল্পের ৫টি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন
তিন উন্নয়ন প্রকল্পের ৫টি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন। নয়া দিগন্ত

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর মেয়াদকালে গৃহীত তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর সিটি হাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ফলকগুলো উন্মোচন করেন।

পুনঃস্থাপিত ফলকগুলোর মধ্যে রয়েছে— বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা সড়ক নির্মাণ প্রকল্পের তিনটি ফলক, তৎকালীন অর্থমন্ত্রী মো: সাইফুর রহমানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা নর্দমা নির্মাণ প্রকল্পের একটি ও তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা মোড় প্রশস্তকরণ ও শহর সৌন্দর্যবর্ধন প্রকল্পের একটি ফলক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমান আরা বেগম, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদূর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজু, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলী।

এছাড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

রাসিকের দেয়া তথ্য অনুযায়ী, ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্পের আওতায় স্থাপিত ফলক তিনটি ছিল ঘোষপাড়া মোড়, মেডিক্যাল বন্ধগেট মোড় ও সিটি হাট-উত্তর নওদাপাড়া মোড়ে।

একইদিন গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণে নর্দমা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী মো: সাইফুর রহমান। এই দু’টি প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছিল তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনুর মেয়াদকালে।

অন্যদিকে, ২০০৪ সালের ১৫ অক্টোবর গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর মোড় প্রশস্তকরণ ও শহর সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।

রাসিকের তথ্য অনুযায়ী, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক মুছে ফেলা হয়েছিল। দীর্ঘদিন পর ফলকগুলো পুনঃস্থাপনের মাধ্যমে প্রকল্পগুলোর সাথে সংশ্লিষ্ট ঐতিহাসিক স্মৃতি ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।