
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘জনগণের আস্থাই জনপ্রতিনিধিদের মূল শক্তি। সাধারণ মানুষের সমস্যা ও প্রয়োজনে পাশে থাকার পাশাপাশি কাজের মাধ্যমে তাদের বিশ্বাস অর্জন করতে হবে। একই সাথে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।’
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে জাহিদ হোসেন জানান, একসময় তিনিও সাধারণ মানুষের মতোই ছিলেন। জনগণ তাকে প্রতিনিধি নির্বাচিত করেছেন এবং দল ও সরকার তাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছে। তাই জনগণের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে।
মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের কারণে জনপ্রতিনিধিদের বক্তব্য ও কর্মকাণ্ড মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাই কথা ও কাজে সতর্ক থাকার পাশাপাশি জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতেও জনপ্রতিনিধিদের জনগণের কাছে যেতে হবে। তখন মানুষ তাদের কাজের হিসাব চাইবে।’
পরে সমাজকল্যাণমন্ত্রী এসএসিপি-আরএআইএনএস (SACP-RAINS) প্রকল্পের আওতায় এক হাজার ৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ, সার ও নেট বিতরণ এবং অসহায়, প্রতিবন্ধী ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








