হাম আক্রান্ত রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। ফাইল ছবি

সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো একজনের মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া কিশোর আলম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।

Advertisement

একই সময়ে সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১৪৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৩৫ জন।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হননি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৫ জনে অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে সিলেটে ৪২২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৪৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭২ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৪ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, বিয়ানীবাজারে দু’জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন, ধর্মপাশায় একজন ও বাহুবলে ১০ জন ভর্তি হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৫৩৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭২ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, কোম্পানীগঞ্জে দু’জন, বিশ্বনাথে দু’জন, বিয়ানীবাজারে আটজন, গোলাপগঞ্জে ছয়জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৪ জন, ধর্মপাশায় দু’জন, বাহুবলে ১০ জন ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর হাম ও উপসর্গে এ পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭৬ জন ও নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৭৬ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ১৫ জন ও সুনামগঞ্জে ৬৭ জনের মৃত্যু হয়েছে।