
পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নাম জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে লালমনিরহাট জেলা বিএনপি। এ ঘটনাকে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে দলটি।
শুক্রবার (৯ অক্টোবর) জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’-তে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক দাবি করেন, লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআর হাট এলাকার দুই পরিবারের জমি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধটি সম্পূর্ণ ব্যক্তিগত। কিন্তু গত ৫ অক্টোবর এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনাটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তার অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি ও দলের নেতাদের বিতর্কিত করার চেষ্টা করছে। অতীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং ৫ আগস্টের পর দল পরিবর্তন করেছেন—এমন কিছু ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক সুবিধা নেয়ার উদ্দেশ্যে বিএনপিকে বিভিন্ন বিরোধে জড়ানোর অভিযোগও তোলেন তিনি।
মমিনুল হক বলেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় দায়ের করা মামলার বাদী ও আসামি একই পরিবারের আত্মীয়স্বজন। তাই এ ঘটনাকে বিএনপির সাথে সম্পৃক্ত করে প্রচার করা উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, ব্যক্তিগত বিরোধের সাথে রাজনৈতিক দলের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নাম ব্যবহার করে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টার নিন্দা জানান তারা।
একই সাথে বলপ্রয়োগ, ভাঙচুর ও নৈরাজ্যের বিরোধিতা করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দফতর সম্পাদক হুমায়ুন রেজা স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ)-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় লালমনিরহাটে কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








