ব্যবসায়ী, হানি ট্রেপ, ছাত্রদল, বহিষ্কার, গ্রেফতার
হানি ট্রাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে । নয়া দিগন্ত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানি ট্রাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ ও তা দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা সজীব চাপরাশিকে বহিষ্কার করা হয়েছে। ওই ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করা হয়।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার। বৃহস্পতিবার বিকেলে ভাণ্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন ভাণ্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব চাপরাশি (২৫), মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও মারিয়া আক্তার (ছদ্মনাম)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া বাজার সংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে কৌশলে ফাঁদে ফেলে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সজীবের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

জেলা ছাত্রদলের দফতর সম্পাদক খালিদ হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। 

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন বলেন, ‘স্থানীয় নেতাদের সাথে আলোচনা করে সজীবের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সার্বিক বিষয় বিবেচনায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।