
নোয়াখালীর সেনবাগে ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ও বুধবার রাতে উপজেলার ডমুরুয়া ও কেশারপাড় ইউনিয়ন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এরপর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দুই নম্বর কেশারপাড় ইউনিয়নের পশ্চিম কালারাইতা গ্রামের দরবেশ বাড়ি থেকে মো: হোসেন (৪৫) নামে এক অটোরিকশাচালকের অর্ধঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে। হোসেন এক ছেলে ও এক মেয়ের বাবা।
এর আগে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামের দক্ষিণপাড়া হাজীবাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মো: কামরুজ্জামান মারুফ (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মো: রিপন মিয়ার ছেলে। একদিন নিখোঁজ থাকার পর তার লাশ ধানক্ষেতে পাওয়া যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো: হযরত আলী মিলন জানান, পৃথক দুটি ঘটনায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় সেনবাগ থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








