
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে এক পল্লী বিদ্যুৎকর্মীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী বিদ্যুৎকর্মী মো: আজিজুল জানান, জমি কেনার জন্য ঘরে রাখা তিন লাখ টাকার খবর পেয়েছিল ডাকাত দল।
বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার টাংগাব ইউনিয়নের বারইহাটি গ্রামের বটতলা এলাকায় আজিজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
সদস্যদের মুখ ও হাত কাপড় দিয়ে বেঁধে এবং অস্ত্রের মুখে জিম্মি করে
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গৃহকর্তা মো: আজিজুল হক পল্লী বিদ্যুতে চাকুরি করেন। তার কর্মস্থল কিশোরগঞ্জ জেলায় আর পরিবার থাকেন নরসিংদী জেলায়। ঘটনার দিন স্ত্রী ও দুই সন্তানসহ তিনি ঢাকায় ছিলেন। এ সময় বাড়িতে তার বৃদ্ধা মা জোয়েদা খাতুন, বোন তাসলিমা খাতুন ও এক ভাগনি ছিলেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ‘ঘটনাদিন ভোর রাতে ৪টার দিকে মো: আজিজুল হকের বাড়িতে মুখোশধারী ৮-১০ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির মূল দরজার তালা ভেঙে ৩-৪ জন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরের বাইরে আরো ৫-৬ জন পাহারায় ছিল। ডাকাতরা প্রথমে ঘরে থাকা বৃদ্ধা জোয়েদা খাতুনের মুখ ও হাত কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং তাসলিমা খাতুনের গলায় চাপাতি ধরে জিম্মি করে।’
পরে দুর্বৃত্তরা বাড়ির তিনটি কক্ষের আলমারি ও ওয়ারড্রোবের তালা ভেঙে মালামাল তছনছ করে। তারা তিন স্বর্ণালঙ্কার, ছয় ভরি রূপার অলঙ্কার, জমি কেনার জন্য রাখা তিন লাখ টাকা, মোবাইল, কাপড়-চোপড়সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
গৃহকর্তা মো: আজিজুল হক বলেন, ‘খবর পেয়ে সকালে বাড়িতে এসে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা ঘরের সবকিছু তছনছ করে নিয়ে গেছে। তার পরিবারের সদস্যদের কাছে বার বার জমি কিনার টাকা কোথায় রাখা হয়েছে তা জানতে চাচ্ছিল দুর্বৃত্তরা। টাকা কোথায় রাখা হয়েছে জানাতে দেরি হওয়ায় তার বৃদ্ধা মাকে মারধর করে তারা।’
ডাকাতির ঘটনার বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ভুক্তভোগী পরিবার এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








