পণ্য জব্দ, সীমান্ত, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)
জব্দকৃত চোরাচালানী মালামালসহ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। নয়া দিগন্ত

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক, ওষুধসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অপারেশন দল কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। 

বিজিবি জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অপারেশন দল কর্তৃক সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম, বিছানাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় এ  অভিযান পরিচালনা করা হয়।

অপারেশন দল সীমান্তবর্তী এলাকা হতে ক্যারেটে ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ এবং অপর একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এছাড়াও অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ বিভিন্ন প্রকারের মালামাল আটক করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৫৩ লাখ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই মালামাল জব্দ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত থাকবে।

জব্দ চোরাই মালামাল বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।