চরভদ্রাসনে ইয়াবা, ইয়াবা সেবনে কারাদণ্ড, রিমা আক্তার, রাশেদ মৃধা, ভ্রাম্যমাণ আদালত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ইয়াবা সেবন, কারাদণ্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর
কারাদণ্ডপ্রাপ্ত রিমা আক্তার ও রাশেদ মৃধা। নয়া দিগন্ত

ফরিদপুরের চরভদ্রাসনে ইয়াবা সেবনের দায়ে এক নারীসহ দুইজনকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার সকালে উপজেলার চরহাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ ডাকঘরের বিন্দুডাঙ্গী গ্রামের শেখ মোকলেচের মেয়ে রিমা আক্তার এবং বেপারীডাঙ্গী গ্রামের আবুল মৃধার ছেলে রাশেদ মৃধা। তারা দুজনই চরভদ্রাসনের চরহাজীগঞ্জ এলাকার বাসিন্দা।

সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রিমা আক্তারকে তার নিজ বাড়ির আঙিনা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে দুই পিস সেবন করা অবস্থায় এবং তিন পিস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

অন্যদিকে, সকাল ৮টা ১৫ মিনিটের দিকে রাশেদ মৃধাকে তার বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তার কাছ থেকে চার পিস ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে দুই পিস সেবন করা অবস্থায় এবং দুই পিস জব্দ করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জুলহাস হোসেন সৌরভ। অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক (সার্কেল) বেলায়েত হোসেন।