
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ২৩ লাখ টাকার মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান জব্দ করেছে বিজিবি।
বুধবার (৮ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার ব্যাটালিয়নের অধীন জামালপুর, কাজিপুর ও চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বুধবার দুপুরে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যায় জামালপুর বিওপির মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বোতল মদ ও এক হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। এরপর রাত ২টার দিকে জামালপুর বিওপির পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৭ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় খবির নামে এক ব্যক্তির জমির কাছ থেকে ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৬৫টি চকলেট বাজি ও ২৩৫ প্যাকেট বিড়ি জব্দ করা হয়। একই দিন ভোর ৫টার দিকে কাজিপুর বিওপির রিফুজিপাড়া মাঠ থেকে আরো ১৯ বোতল মদ ও পাঁচ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে বিজিবি।
বিজিবির তথ্যমতে, উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।‘
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








