
বাগেরহাটের মোংলার সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দু’টি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় অভিযান চালায়। ওই সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








