ঢাকা মেডিক্যাল, আসামি, কারাবন্দি, মৃত্যু
ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু হয়েছে। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি মো: সজীব আহমেদ (২৫) নামে এক অস্ত্র মামলার আসামির মৃত্যু হয়েছে। 

Advertisement

বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সজীব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো: সানাউল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, কারাবন্দি সজীব কয়েকদিন যাবত অসুস্থ অবস্থায় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে খানপুরস্থ নারায়ণগঞ্জ ৩০০ শষ্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেল সুপার আরো জানান, সজীব মোটা হওয়ায় তার প্রেসারের সমস্যা হয়েছিল। 

গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী রিভালবার ও গুলিসহ সজীবকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।