
রাজশাহী শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের স্বীকৃতি হিসেবে অর্জিত বিশেষ সম্মাননা নগরবাসীকে উৎসর্গ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে সম্মাননা অর্জন উপলক্ষে আয়োজিত অংশীজন সম্মিলন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে বিশেষ সম্মাননা হিসেবে পাওয়া ক্রেস্ট ও সনদপত্র উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এ পুরস্কার অর্জন একটি অনন্য স্বীকৃতি। এ অর্জন ভবিষ্যতে নাগরিক সেবা আরো সহজ, দ্রুত ও কার্যকর করতে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।’
তিনি বলেন, ‘এ অর্জন স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফল। এ কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একই সাথে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য নগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্জিত এ বিশেষ সম্মাননা আমি রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করছি।’
রাসিক প্রশাসক বলেন, ‘আমার জানা মতে, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সন্তানের বাবার নামের পাশাপাশি মায়ের নাম যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছিল। বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর জীবনযাত্রা সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত করতে ইতোমধ্যে মহিলা কলেজ রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। নাগরিক ভোগান্তি কমাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘নগরীতে সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক নির্মাণ, খেলার মাঠের উন্নয়ন ও ফুটসাল গ্রাউন্ড তৈরি, দৃষ্টিনন্দন সিটি গেট নির্মাণ এবং যানজট নিরসনে অটোরিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগরীকে আরো পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, বাসযোগ্য, নিরাপদ ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সার্বিক সহযোগিতা চাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। কাউন্সিলরদের পক্ষে ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: আব্দুর রাজ্জাক, নিবন্ধকদের পক্ষে ভেটেরিনারি সার্জন ডা: ফরহাদ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড সচিব ওবাইদুর রহমান এবং ইপিআই স্টোরকিপার ফিরোজা বেগম রেখা বক্তব্য রাখেন।
রাসিকের সচিব সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








