তালতলী
তালতলীতে ৬ বছরেও বদলি হননি ইউএনও অফিসের নাজির সোহাগ। নয়া দিগন্ত

বরগুনার তালতলী উপজেলা প্রশাসনে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (নাজির) মো: সোহাগ ইসলাম ছয় বছরেও বদলি হননি। প্রায় ছয় বছর ধরে একই পদে ও একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন তিনি। 

Advertisement

দীর্ঘ সময় ধরে একই কর্মস্থলে থাকায় তার বদলি নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। একই সাথে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সোহাগ ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মো: সোহাগ ইসলাম ২০২০ সালের ২৮ ডিসেম্বর তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যোগ দেন। এরপর থেকে তিনি একই পদে একই কর্মস্থলে টানা ৬ বছর দায়িত্ব পালন করে আসছেন।

২০১৫ সালের ৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি শাখার এক পরিপত্রে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের সাধারণ ও রাজস্ব প্রশাসনে কর্মরত কর্মচারীদের একই পদে বা একই কর্মস্থলে তিন বছর মেয়াদ পূর্ণ হলে বাস্তব অবস্থা বিবেচনায় সাধারণত অন্যত্র বদলির কথা বলা হয়েছে।

ওই পরিপত্রে দীর্ঘদিন একই পদে বা একই কর্মস্থলে থাকার কারণে কোনো কোনো কর্মচারীর অনিয়মে জড়িয়ে পড়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। মাঠপর্যায়ে কর্মরত কর্মচারীদের দক্ষতা বাড়ানো এবং একই পদে বা কর্মস্থলে তিন বছরের বেশি সময় ধরে কর্মরতদের বাস্তব অবস্থা বিবেচনায় অন্যত্র বদলির বিষয়ে নির্দেশনা বাস্তবায়নের কথাও বলা হয়।

জাকির, জহির, নাজমুল নিজামসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা ও সেবাগ্রহীতার অভিযোগ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কাজে সোহাগ ইসলামের মাধ্যমে ফাইল উপস্থাপন বা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পৌঁছাতে অতিরিক্ত অর্থ দিতে হয়। 

তাদের দাবি, ইউএনওর কাছে আবেদন দেয়ার পরও কোনো কোনো ক্ষেত্রে ফাইল আটকে রাখা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-বিল সংক্রান্ত কাজেও ইতিপূর্বে টাকা নেয়ার অভিযোগ করেছেন কয়েকজন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে উপজেলা প্রশাসনের অভ্যন্তরীণ কার্যক্রমে তার প্রভাব তৈরি হয়েছে। ফলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের পাশাপাশি দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার বিষয়টিও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন।

এদিকে মো: সোহাগ ইসলাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বদলি হয় না, তাই তালতলীতে আছি।’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ‘তিন বছরের বেশি একজন সরকারি কর্মচারী একই এলাকায় চাকরি করতে পারবেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।’

স্থানীয়দের প্রশ্ন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন একই পদে ও একই কর্মস্থলে থাকা সোহাগ ইসলামের বদলির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে। পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।