রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১৮০০ কোটি টাকার অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের র‌্যালি
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের র‌্যালি। নয়া দিগন্ত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে এক হাজার ৮০০ কোটি টাকা অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত র‌্যালি করেছে মহানগর বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠন।

Advertisement

বুধবার (৭ অক্টোবার) রাত সাড়ে ৮টার দিকে এই স্বাগত র‌্যালি করে রংপুর মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

র‌্যালিটি গ্র্যান্ড মোড় দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, ছাত্রদলের দলের আহ্বায়ক ইমরান খান সুজন প্রমুখ।

বক্তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেন, তারেক রহমানের হাত ধরেই ঘুচবে রংপুরের সকল উন্নয়ন বঞ্চনা। এই ধারাবাহিকতা শুরু হলো। তারা জাতীয়তাবাদী দলের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন কার্যক্রম তরান্বিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, বুধবার (৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য এক হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা ও সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করতে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার ও পুনর্বাসনে আরো ২১০ কোটি ৪৯ লাখ টাকার অনুমোদন দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

এ খবর ছড়িয়ে পড়লে সিটিবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। অনেক স্থানে মিষ্টি বিতরণ করা হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তোষ প্রকাশ করে পোস্ট দেন।  
এ বিষয়ে রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, রংপুর মহানগরবাসীর দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী কর্তৃক এক হাজার ৮০০ কোটি টাকা একনেকে পাশ করার বিষয়টি একটি মাইলফলক। এজন্য নগরবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কাজটি সঠিক ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। এর মাধ্যমে উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করল এই নগরী। প্রকল্প দু’টি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।