
ভোলার লালমোহনে একটি কাভার্ড ভ্যানসহ নয় হাজার লিটার (৫০ ব্যারেল) অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি টিম এসব জব্দ করে। এ ঘটনায় হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা রুজু করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে মিনা চানাচুর ফ্যাক্টরির সামনের সড়কে ২২ ব্যারেল তেলসহ একটি কাভার্ড ভ্যান রেখে পালিয়ে যায় চালক। খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে যায়।
কাভার্ড ভ্যানের ভেতরে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এবং সেটিও জব্দ করে লালমোহন থানা পুলিশ। পরে তল্লাশি চালিয়ে মিনা চানাচুরের গোডাউনে আরো ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য সাত লাখ ৫০ হাজার টাকা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন অপরিশোধিত ও ভেজাল সয়াবিন তেল দিয়ে চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছে। এসব চানাচুর খেয়ে মানুষ বিভিন্ন রোগে ভুগছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলামের মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে, ভোলা জেলা পুলিশের ফেসবুকে এ ব্যাপারে উল্লেখ করা হয়, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় ভোলা জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








