
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘বরিশাল অঞ্চলের প্রতিটি জেলা ও মহানগরীতে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে হবে। কর্মীদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। পরিকল্পিত দাওয়াতি তৎপরতা, গণসংযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বরিশাল অঞ্চলকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী দুর্গে পরিণত করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বুধবার (৭ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চলের উদ্যোগে বিভাগের ছয় জেলা ও মহানগরীর নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত অঞ্চল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘সংগঠনের দায়িত্বশীলদের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। ব্যক্তিগত আমল-আখলাক, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। নিয়মিত দাওয়াতি তৎপরতা জোরদার করে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘সমাজে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সংগঠনের দায়িত্বশীলদের নিষ্ঠা ও ত্যাগের সাথে কাজ করতে হবে। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও কল্যাণের দিকগুলো তুলে ধরতে হবে।
অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘বরিশাল অঞ্চলের সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করতে দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’
এসময় সংগঠনের প্রতিটি স্তরে নিয়মিত বৈঠক, পরামর্শ, প্রশিক্ষণ ও দাওয়াতি কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরো বলেন, ‘দায়িত্বশীলদের নিজেদের দায়িত্ব পালনে আরো সক্রিয় হতে হবে। জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধি, তাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে অবগত হওয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার মাধ্যমে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। একই সাথে সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক পরামর্শ ও দায়িত্বশীলতার সংস্কৃতি আরো জোরদার করতে হবে।’
বৈঠকে বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগরীর সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি তৎপরতা, জনসম্পৃক্ততা, সাংগঠনিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট জেলা ও মহানগরীর দায়িত্বশীলরা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। বৈঠকে সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।’
কেন্দ্রীয় মজলিসে শূরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজীর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আবদুল জব্বার, অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসেন, বরগুনা জেলা আমির মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান এবং পিরোজপুর জেলা (ভারপ্রাপ্ত) আমির মাওলানা আব্দুর রবসহ বরিশাল অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








