এসএমপি, অভিযান, গ্রেফতার
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নয়া দিগন্ত

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

বুধবার (৭ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের (মিডিয়া) অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন এর সত্যতা নিশ্চিত করেন।

এসএমপি সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি এবং মেট্রো অধ্যাদেশ আইনে গ্রেফতার আসামি রয়েছেন।

এদিকে, মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৮৮টি যানবাহন আটক করা হয়েছে।

অভিযানকালে ২৫০ গ্রাম গাঁজা, ২৬ পিস ইয়াবা এবং ৭৮ হাজার ৪০৭ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (মিডিয়া) অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, ‘প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’