
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় চোরাচালানে জড়িত একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, তামাবিল, সংগ্রাম ও কালাইরাগ বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় কসমেটিকস, ফুচকা, গরু, কম্বল, চা পাতা, বাসমতি চাল ও মাদকসহ বিভিন্ন ধরনের চোরাইপণ্য জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ১৯ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ ও একজনকে আটক করা হয়েছে। জব্দ পণ্য ও আটক ব্যক্তির বিষয়ে আইন ও প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








