জিডি
জিডির কপি। নয়া দিগন্ত

ময়মনসিংহে ফেসবুক পোস্টে বিএনপির নেতা কর্নেল (অব.) অলি আহমদকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জাহানের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) গণতান্ত্রিক যুবদল ও এলডিপির ময়মনসিংহ জেলা শাখার নেতা মো: সোহাগ তালুকদার জিডিটি করেন। জিডি নম্বর ৭৪৬।

জিডিতে বলা হয়, গত ৫ অক্টোবর জাহাঙ্গীর আলম জাহান তার ফেসবুক পেজে কর্নেল (অব.) অলি আহমদকে উদ্দেশ্য করে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে একটি পোস্ট দেন। পরে ওই পোস্টটি বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে।

জিডিতে সোহাগ তালুকদার নিজেকে গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক ও এলডিপির ময়মনসিংহ জেলা শাখার যুববিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন। 

তিনি অভিযোগ করেন, কর্নেল অলি আহমদের অনুসারী হিসেবে ওই হুমকির ঘটনায় তিনি ও দলের অন্য নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে জাহাঙ্গীর আলম জাহান তার ও দলের নেতাকর্মীদের বড় ধরনের ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এর আগে ৫ অক্টোবর জাহাঙ্গীর আলম জাহানের ফেসবুক পেজে কর্নেল অলি আহমদকে উদ্দেশ্য করে একটি পোস্ট দেয়া হয়। সেখানে লেখা হয়, ‘ওই শালা অলিকে দিতে পারো বলি কে, পারলেই জান্নাতি।’ পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। 


একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ার ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হয়।

জিডিতে আরো উল্লেখ করা হয়, জাহাঙ্গীর আলম জাহানের বাড়ি কিশোরগঞ্জ শহরের কাটাবাড়িয়া এলাকায়। তিনি জেলা শহরের নিউটন এলাকায় ‘স্মৃতি নিবাস’ নামে একটি বাসায় বসবাস করেন বলে জানা গেছে। তিনি ১৯৭৫ সালের পর কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম জাহানের ফেসবুক পেজ পর্যালোচনা করে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে তার একাধিক পোস্টের সন্ধান পাওয়া গেছে বলে জিডিতে দাবি করা হয়েছে। এসব পোস্টে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য রয়েছে বলেও অভিযোগ করা হয়। 

পাশাপাশি শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন বক্তব্য এবং বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে হবে—এ ধরনের বক্তব্যও বিভিন্ন সময়ে পোস্ট করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

জিডিতে সোহাগ তালুকদার ঘটনার বিষয়ে তদন্ত করে হুমকিদাতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।

তবে বারবার ফো‌নে চেষ্টা ক‌রেও জাহাঙ্গীর আলম জাহানের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার বিষয়ে পুলিশের তদন্তের পরই আইনগত অবস্থান স্পষ্ট হবে।