
নওগাঁর রাণীনগরে দুপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ব্যাংকের ক্যাশিয়ার নাজমুল হোসেন (৩২) এবং অফিস সহকারী রাসেল বাবু (২৮) বগুড়ার সান্তাহার শাখা থেকে টাকা উত্তোলন করে আবাদপুকুর শাখায় মোটরসাইকেল যোগে ফিরছিলেন। এ সময় আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের দক্ষিনে মোবাইল টাওয়ারের নিকট পৌঁছলে সামনে এবং পিছন থেকে দুইটি মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরিহিত চারজন কর্মকর্তাদের পথরোধ করে। এরপর কর্মকর্তাদের লোহার রড দিয়ে পিটিয়ে কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে ওই দুই কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু কাউকে পাইনি।’
বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








