
ইলিশ শিকারের ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা বা অবরোধ শুরু হওয়ার ঠিক আগের দিন বরগুনার আমতলীর পায়রা নদীতে জাল ও সরঞ্জামাদি অপসারণ করতে গিয়ে এক জেলে ওমর আলী গাজী (৫৫) নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।
বুধবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার লোচা এলাকার পায়রা নদীতে এ ঘটনা ঘটে।
ওমর আলী আমতলী পৌরসভার লোচা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বুধবার দিবাগত রাত থেকে সাগর ও নদীতে ইলিশ শিকার, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। আমতলী পৌরসভার লোচা গ্রামের জেলে ওমর আলী ও জলিলুর রহমান অবরোধ পালনে বুধবার বেলা সাড়ে ১০টার দিকে পায়রা নদীতে জাল ও জাল ফেলার সরঞ্জামাদি অপসারণ করতে যান। ওই সময় জেলে ওমর নদীতে পড়ে যান। অপর জেলে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের লোকজন উদ্ধার অভিযান শুরু করেছেন।
উপজেলা মৎস্য অফিসের ফ্যাসিলিটেটর মো: হিমেল মিয়া জানান, তিন ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে- ভাটার স্রোতে তাকে সাগরের দিকে নিয়ে গেছে।
নিখোঁজ ওমর আলীর ছোট ভাই আক্কেল আলী বলেন, ‘বড় ভাই পায়রা নদীতে জাল ও জালের সরঞ্জামাদি তুলতে গিয়ে নদীতে পড়ে যান। তারপর আর উঠতে পারেননি।’
জেলে জলিলুর রহমান বলেন, ‘আমরা দু’জনে পায়রা নদীতে ইলিশ জাল ফেলে মাছ শিকার করি। অবরোধ পালনে বুধবার বেলা সাড়ে ১০টার দিকে জাল ও জাল ফেলার সরঞ্জামাদি নদী থেকে তুলছিলাম। এমন মুহূর্তে ওমর আলী ছিটকে নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারে চেষ্টা করেও পারিনি। সে স্রোতে তলিয়ে গেছে।’
আমতলী ফায়ার স্টেশন লিডার গোলাম মোস্তফা বলেন, ‘উদ্ধার অভিযান অব্যহত আছে। কিন্তু কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন বলেন, ‘খবর পেয়ে জেলেকে উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উদ্ধার অভিযান অব্যহত আছে। কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








