হাতি, প্রকৃতি
লংগদুতে প্রকৃতির তুলিতে আঁকা ‘সবুজ হাতি’। নয়া দিগন্ত

দূর থেকে তাকালে মনে হবে পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে বিশাল এক হাতি। মাথা উঁচু, পিঠটা প্রশস্ত, পুরো অবয়বটাই যেন সবুজে আঁকা এক হাতি। কাছে গেলে অবশ্য বোঝা যায়, এটি কোনো প্রাণী নয়! প্রকৃতির আপন খেয়ালে তৈরি পাহাড়ের এক আশ্চর্য আকৃতি।

Advertisement

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের জারুলছড়ায় দেখা মিলেছে এমনই এক বিস্ময়কর দৃশ্যের। সবুজে ঢাকা পাহাড়ের ঢাল আর গাছপালার বিন্যাস মিলিয়ে নির্দিষ্ট একটি জায়গা থেকে পাহাড়টিকে অবিকল হাতির মতো দেখায়।

স্থানীয় বাসিন্দাদের কাছে দৃশ্যটি নতুন নয়। তবে পাহাড়ের এই অদ্ভুত আকৃতির ছবি এখন নজর কাড়ছে প্রকৃতিপ্রেমীদের। বিশেষ করে বর্ষায় পাহাড়ের গায়ে সবুজের ঘনত্ব বাড়লে সবুজ হাতির অবয়ব আরো স্পষ্ট হয়ে ওঠে।

প্রকৃতির কোনো শিল্পী এখানে তুলির আঁচড় দেননি। পাহাড়, গাছপালা আর আলো-ছায়ার স্বাভাবিক বিন্যাসেই যেন তৈরি হয়েছে এই চিত্র। দূর থেকে দেখলে মনে হয় সবুজের সমুদ্রে বিশাল এক হাতি নিশ্চুপ দাঁড়িয়ে আছে।

কাপ্তাই হ্রদ ও পাহাড়ঘেরা লংগদুতে এমন অনেক প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে আছে। স্থানীয়দের মতে, এসব জায়গার পরিচিতি বাড়লে লংগদুর পর্যটন সম্ভাবনাও আরো বাড়তে পারে। তবে পর্যটনের বিকাশের পাশাপাশি পাহাড় ও বনভূমির স্বাভাবিক পরিবেশ রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেয়ার কথা বলছেন তারা।

জারুলছড়ার এই ‘সবুজ হাতি’ তাই শুধু একটি পাহাড়ের আকৃতি নয়, লংগদুর পাহাড়ি প্রকৃতির আরেকটি চমক, যা দূর থেকে দেখলে সত্যিই চোখকে কিছুক্ষণের জন্য ধোঁকা দেয়।