
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের লুণ্ঠিত ১০ রাউন্ড শটগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ এর সদস্যরা।
বুধবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল শ্রীনগর থানাধীন কামারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি অনাবাদী জমির মধ্যে ১০ রাউন্ড শটগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত কার্তুজগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে এসআরবি সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে এসআরবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। এসআরবি-১০, এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








