পুশইন
পুশইনের চেষ্টা। নয়া দিগন্ত

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) শক্ত অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং বিজিবির প্রবল বাধার মুখে তারা পুনরায় ভারতে ফিরে যেতে বাধ্য হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বিজিবির কড়া নজরদারির মধ্যে মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়েই তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। পুশইনের শিকার এই সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ রাতে বিষয়টি নিশ্চিত করেন। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ওই সাতজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখেন বিজিবির টহল দলের সদস্যরা। পরিস্থিতি আঁচ করতে পেরে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান এবং তাদের প্রবেশে সরাসরি বাধা প্রদান করেন। 

বিজিবির বাধার মুখে তারা শূন্যরেখা ও সীমান্তের কাছাকাছি অবস্থান নিতে বাধ্য হয়। পরবর্তীতে দিনভর সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে এবং তারা সেখানেই অবস্থান নেয়। 

কিন্তু রাত বাড়ার সাথে সাথে বিজিবির অতিরিক্ত টহল ও কঠোর অবস্থানের কারণে তারা শেষ পর্যন্ত একই সীমান্ত দিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। 

এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ‘সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার, পুশইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরো জোরদার করা হয়েছে।’