কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রাকিক। নয়া দিগন্ত

টাঙ্গাইলে স্ত্রী ও সন্তানের শরীরে আগুন জ্বালিয়ে দেয়ার অপরাধে রাকিবুল হাসান রাকিক (২৫) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ দণ্ডাদেশ দেন। 

দণ্ডিত আসামি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের আকবর আলীর ছেলে।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো: ওমরাও খান দীপু নয়া দিগন্তকে জানান, বিগত ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিকেলে আসামি রাকিবুল পারিবারিক বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে বার্ণিশের সাথে তারফিন মিশিয়ে শিশুপুত্রসহ স্ত্রী কনা আক্তার ইতির শরীরে ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আগুনে স্ত্রীর শরীরের ২০ শতাংশ ও শিশুপুত্রের শরীরের সাত শতাংশ পুড়ে যায়। 

বিচার শেষে আসামি রাকিবুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। আসামির উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে আসামিকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।