
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও ১৬ রাউন্ড শর্টগানের গুলিসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের রাহাদ আলীর ছেলে মো: আব্দুল্লাহ (২৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বংশীতলা এলাকায় অস্ত্র ও গুলিসহ কয়েকজন অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবকের দেহ তল্লাশি করে দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই রকিবউদ্দিন জনি বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম আরিফ ও মো: আব্দুল্লাহকে আটক করা হয়েছে।
এসআই রকিবউদ্দিন জানান, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এ ঘটনার সাথে আরো কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








