নগরীর বন্দরবাজারের মধুবন মার্কেটের সামনে লিফলেট বিতরণ করা হয়
নগরীর বন্দরবাজারের মধুবন মার্কেটের সামনে বিএনপি নেতারা লিফলেট বিতরণ করেন। নয়া দিগন্ত

সিলেটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরে লিফলেট বিতরণ করেছে।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নগরীর বন্দরবাজারের মধুবন মার্কেটের সামনে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ‘নিত্যপণ্যের বাজারে মানুষের স্বস্তি ফেরাতে সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, বাজার মনিটরিং জোরদার এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ফলে বাজার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। এ ধারাবাহিকতা বজায় রেখে বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে জনগণের দুর্ভোগ আরো কমবে।’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় কর্মসূচিতে মহানগর বিএনপি নেতারা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন ও আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, রেজাউল করিম আলো ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা: এম এ হক বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, সদস্য কাজী মুহিবুর রহমান মুহিব, লল্লিক আহমদ চৌধুরী, মো: জমির উদ্দিন, সোহেল আহমদ, মতিউর রহমান শিমুল, আব্দুল মুমিন, মো. হারুনুর রশিদ ও নুরুল ইসলাম, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইউনুস মিয়া, বিএনপি নেতা কবির আহমদ নুনু ও আব্দুল মুকিত, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সহ-সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও তাহের আলী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।