
কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা ৪ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, সকাল ১১টার দিকে হানিফকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মোহাম্মদ হানিফ চাকবৈঠা এলাকার মো: আলী আহমদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং সম্প্রতি এইচএসসি পরীক্ষা শেষ করেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তবে কী কারণে হানিফের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। হানিফের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








