ড. আবদুল মঈন খান
নরসিংদী পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। নয়া দিগন্ত

দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলাফেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। 

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এসময় মন্ত্রী বলেন, মানুষ মনে করে যুক্তরাষ্ট্র আধুনিক অস্ত্র-গোলাবারুদ দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। তবে বাস্তবে তারা শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কারণেই বিশ্বে এক নম্বর শক্তিশালী দেশ হিসেবে পরিচিত হয়েছে। 

তিনি বলেন, দেশকে শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে হলে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের তরুণ সমাজকে সঠিক পথের শিক্ষা দিয়ে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বানও জানান ড. মঈন খান।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার। 

এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।