
জয়পুরহাটে বিএসএফের পুশইন করা তিন যুবককে স্থানীয়দের সহায়তায় ভারতে পুশব্যাক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে ২৭৬ নম্বর মূল সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে ফেরত পাঠান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে এ পুশব্যাকের ঘটনা ঘটে।
এর আগে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুরে ২৭৬ নম্বর মূল সীমান্ত পিলার এলাকা দিয়ে ওই তিন যুবককে পুশইন করে বিএসএফ। পরে তারা সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে চলে আসেন। এ সময় তাদের শরীরের পোশাক ভেজা দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
এ সময়, স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বিএসএফের পুশইনের বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদেরকে আটকে রেখে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে ১৪ বিজিবির কড়িয়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে ২৭৬ নম্বর মূল সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে ফেরত পাঠান।
বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন জানান, ঘটনার প্রতিবাদে বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের সাথে বেলা ১১টায় পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। সীমান্তে বিজিবির টহল জোরদার রাখা হয়েছে এবং পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








