রাজশাহী সিটি করপোরেশন
‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন। সংগৃহীত

জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধনসহ শুদ্ধ ও নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

Advertisement

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: মামুনুর রশিদ ভূঁঞা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ ফারাহ শাম্মী, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, ঢাকার হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন ড. মিখাল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি মিজ জিলিয়ান মেলসপ। স্বাগত বক্তব্য দেন জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এদিকে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সময়ানুবর্তিতা, নির্ভুলতা ও সেবার মান নিশ্চিত করে এ স্বীকৃতি অর্জন করায় রাসিকের স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। একইসাথে এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য রাজশাহী মহানগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেন, ‘নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এই স্বীকৃতি প্রাপ্তি আমাদের আরো উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও নাগরিক সেবা আরো সহজ, দ্রুত ও কার্যকর করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।