
বরগুনার লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলার সময় গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে ২০ শিক্ষার্থী শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে ৯ শিক্ষার্থীকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের জিম্মায় বাড়ি পাঠানো হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ক্লাস চলার সময় সপ্তম শ্রেণির এক ছাত্রী হঠাৎ তীব্র শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। এর পরবর্তী ৩০ মিনিটের মধ্যে বিদ্যালয়ের সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির আরো ১৯ শিক্ষার্থীর মাঝে একই ধরনের শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়। আকস্মিক এই ঘটনায় পুরো বিদ্যালয়ে আতঙ্কের সৃষ্টি হয়।
বরগুনা লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন জানান, ‘ঘটনার পরপরই দ্রুত অভিভাবকদের খবর দেয়া হয়। স্বজনেরা উপস্থিত হয়ে অসুস্থ ১১ শিক্ষার্থীকে স্থানীয় প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি ফিরিয়ে নেয়া হয়।’
অন্যদিকে, বাকি শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া শুরু করেন।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য জানান, ‘শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে আসা ৯ শিক্ষার্থীকেই চিকিৎসার পর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তারা সকলেই মূলত গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছিল। বর্তমানে ভর্তি থাকা সকল শিক্ষার্থীই পুরোপুরি আশঙ্কামুক্ত রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








